উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জ হাসপাতাল চত্বর পরিদর্শনে রাজ্য পূর্তদপ্তরের উত্তরবঙ্গের আধিকারিকরা

মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুপার স্পেশালিষ্ট হাসপাতালের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য তৈরি হওয়া অকেজো এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা আবাসন সহ পুরনো অফিস গুলি খতিয়ে দেখতে আসেন রাজ্য পূর্তদপ্তরের উত্তরবঙ্গের মুখ্য বাস্তুকার সৌমিত্র কুমার মাইতি। এদিন তার নেতৃত্বে ৬ জনের এক প্রতিনিধি দল আসে। তাদের সাথে ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সি.এম.ও.এইচ-১ অনুপ কুমার হাজরা সহ কালিয়াগঞ্জের সুপার স্পেশালিষ্ট হাসপাতালে রোগী কল্যান সমিতি চেয়ারম্যান তথা পুর প্রধান কার্তিক পাল ও হাসপাতাল সুপার প্রকাশ রায়। 

        জানা গিয়েছে, এদিন তারা কালিয়াগঞ্জের সুপার স্পেশালিষ্ট হাসপাতালের ভেতরে থাকা দীর্ঘদিনের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অকেজো ঘরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। বিগত দিনে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য হাসপাতালে রোগী কল্যান সমিতি পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তর ও পূর্ত দপ্তরকে লিখিত ভাবে জানানো হয়। তার পেরিপেক্ষিতে এদিন হাসপাতালের বিভিন্ন আবাসনের অবস্থা খতিয়ে দেখতে আসেন তারা। 

        এদিন রাজ্য পূর্তদপ্তরের উত্তরবঙ্গের মুখ্য বাস্তুকার সৌমিত্র কুমার মাইতি জানান, কালিয়াগঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালের দীর্ঘদিনের  চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অকেজো ঘর গুলি নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা সুপার স্পেশালিষ্ট হাসপাতালের সমস্ত অকেজো ঘর গুলি তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তাছাড়াও বেশ কিছু আবাসনের অবস্থা বেহাল দেখে তারা এই রিপোর্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন বলে জানান তিনি। 

        এবিষয়ে কালিয়াগঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা পুরপ্রধান কার্তিক পাল জানান, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অকেজো ঘর গুলো অযথা প্রচুর গুরুত্বপূর্ণ জমি দখল করে অসুবিধা সৃষ্টি হচ্ছে। তাই এগুলিকে অবিলম্বে বাতিল ঘোষণা করবার ব্যবস্থা করা হোক বলে জেলা স্বাস্থ্য দপ্তর ও পূর্ত দপ্তরকে লিখিত ভাবে জানানো হয়েছিল। যথা সময়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে তিনি মনে করেন।